“পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান–২০২৬” বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের লালপুরে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় লালপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, লালপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্কাউট লিডার, রোভার স্কাউট, গার্লস গাইড ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু একটি অভ্যাস নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করে তুলতে হবে। তাঁরা আরও বলেন, বাংলাদেশ স্কাউটসের এ ধরনের কার্যক্রম তরুণ প্রজন্মকে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।