শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমীন। ২০ মে বুধবার সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার সার্বিক মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 


পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম দেখতে পান। পাশাপাশি শিক্ষার্থীদের মৌলিক শিক্ষাগত দক্ষতার ঘাটতিও তার নজরে আসে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে “৪৮৯” লিখতে বললে সে তা লিখতে পারেনি। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে পরে ২১ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ইউএনও।


মো. আল আমীন বলেন, শুধু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাই নন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, অভিভাবক ও সচেতন নাগরিকদেরও নিজ নিজ এলাকার বিদ্যালয়গুলোর নিয়মিত খোঁজখবর নিতে হবে। শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা নিশ্চিত করতে সবার সমন্বিত উদ্যোগ জরুরি।


সভায় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার মান যাচাই, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি প্রয়োজন। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে।


স্থানীয় সচেতন মহলের দাবি, উপজেলার ১০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেকগুলোতেই শিক্ষার মান নিম্নমুখী। শিক্ষকদের অবহেলা ও পর্যাপ্ত তদারকির অভাবে ঝরে পড়া শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে না এসে শিশুশ্রমসহ বিভিন্ন সামাজিক ঝুঁকিতে জড়িয়ে পড়ছে।


এ অবস্থা থেকে উত্তরণে জনসচেতনতা বৃদ্ধি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দ্রুত কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকেরা।


পরিদর্শনের সময় ইউএনওর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ এবং খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা উপস্থিত ছিলেন।


আইনশৃঙ্খলা সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও শিক্ষাব্যবস্থা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024