|
Date: 2026-05-27 17:02:33 |
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:
প্রথমবারের মতো নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করলো আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস। দীর্ঘদিনের প্রত্যাশিত এই মুহূর্তটি আরও তাৎপর্যময় হয়ে ওঠে, যখন একই ট্রেনে যাত্রী হয়ে নাড়ির টানে নিজ এলাকায় পৌঁছান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি আজিমনগর স্টেশনে এসে থামলে স্টেশন চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় লালপুর উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
স্থানীয়দের মতে, আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি ছিল এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনীতি আরও গতিশীল হবে।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন,
“আজকের এই মুহূর্ত শুধু আমার জন্য নয়, সমগ্র এলাকার মানুষের জন্য আনন্দ ও গর্বের। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি শুরু হয়েছে। এটি উন্নয়ন ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।”
তিনি আরও বলেন,
“সরকার মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।”
এসময় স্টেশন এলাকায় বিপুল সংখ্যক মানুষ প্রতিমন্ত্রীকে এক নজর দেখার জন্য ভিড় করেন। পুরো এলাকা ছিল উৎসবমুখর ও প্রাণচাঞ্চল্যে ভরপুর।
উল্লেখ্য, আজিমনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে লালপুরবাসী এক দশকেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছিলেন। আন্দোলনের সময় ট্রেন থামানো ও স্টেশন ভাঙচুরের ঘটনায় মামলা ও কারাবাস পর্যন্ত করতে হয়েছে আন্দোলনকারীদের।
অবশেষে প্রতিমন্ত্রীর উদ্যোগে সেই দীর্ঘদিনের দাবি পূরণ হলো। জানা যায়, গত ৪ মার্চ প্রতিমন্ত্রীর এক পত্রের প্রেক্ষিতে এবং জনগণের দাবি বিবেচনায় নিয়ে ১৯ মে রেল মন্ত্রণালয় আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ২০ মে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ২৬ মে থেকে এই যাত্রাবিরতি কার্যকর করার বিষয়টি নিশ্চিত করে।
স্থানীয়দের বিশ্বাস, এই উদ্যোগ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
© Deshchitro 2024