মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশনের উদ্যোগে নির্মাণ হলো নতুন টিনের ঘর, নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীর পাড় গ্রামের এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন। দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্টের অবসান ঘটাতে সংগঠনটির উদ্যোগে পরিবারটির জন্য একটি নতুন টিনের ঘর নির্মাণ করা হয়েছে।

জানা যায়, মোঃ শামছুল মিয়া ও তার স্ত্রী মোছাঃ ছামিনা অত্যন্ত দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করে আসছিলেন। তাদের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় সংসারে নেমে আসে চরম সংকট। চিকিৎসার জন্য ইতোমধ্যে অনেক টাকা ব্যয় হলেও এখনো সুস্থতা ফিরে আসেনি। ফলে পরিবারটি মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছিল।

সবচেয়ে কষ্টকর বিষয় ছিল তাদের বসবাসের ঘরটি। পুরনো ও জরাজীর্ণ টিনের চাল দিয়ে বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়তো। ছোট সন্তানদের নিয়ে নিরাপদে বসবাস করাও কঠিন হয়ে পড়েছিল।

পরিবারটির এমন করুণ অবস্থা দেখে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়। সংগঠনটির সহযোগিতায় নতুন একটি টিনের ঘর নির্মাণ করা হয় এবং আজ ঘরটির নির্মাণকাজ সম্পন্ন শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় পরিবারের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি পিয়াজ, ৫০০ গ্রাম ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ২৫০ গ্রাম রসুন, বিভিন্ন ধরনের মসলা, কলা, মালটা, ১ প্যাকেট লাচ্ছা ও ২৫০ গ্রাম চিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মুফতি জামাল উদ্দিন, মোঃ সাজু, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোহরাফ, মোঃ বাবু, মোঃ শরিফুল ইসলাম সহ আরও অনেকে।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে প্রশংসনীয় আখ্যা দিয়ে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024