|
Date: 2026-06-01 21:33:04 |
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ (সোমবার) ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জয়পুরহাটের কালাই উপজেলার সরাইল গ্রামের ইমন সরকার (৩০) এবং তাঁর প্রতিবেশী ও শ্যালক হারুঞ্জা গ্রামের ফেরদৌস (১৫)। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ইমনের স্ত্রী, তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে তাঁরা তিনজন আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি খড়িকাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইমন সরকার ও ফেরদৌস প্রাণ হারান।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি ধান মৌসুমে গ্রামীণ এই সড়কটির ওপর বিস্তীর্ণ এলাকাজুড়ে খড় শুকানো হচ্ছিল। ধারণা করা হচ্ছে, রাস্তায় ছড়িয়ে থাকা খড়ের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
© Deshchitro 2024