|
Date: 2026-06-01 21:34:17 |
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক :
সরকার কুরবানির পশুর চামড়ার দাম বাড়িয়ে নির্ধারণ করলেও মাঠপর্যায়ে তার বিন্দুমাত্র প্রতিফলন মেলেনি। পবিত্র ঈদুল আজহা শেষে কোরবানির পশুর চামড়ার বাজারে এবারও চরম বিপর্যয় নেমে এসেছে। সিন্ডিকেটের কারসাজিতে সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে জয়পুরহাটের ক্ষেতলালে পানির দরে চামড়া কেনাবেচা হচ্ছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাদ্রাসা, এতিমখানা এবং প্রান্তিক মৌসুমি ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা গেছে, ১,০০০ থেকে ১,৩০০ টাকা মূল্যমানের গরুর চামড়া মাঠপর্যায়ে বিক্রি হচ্ছে মাত্র ৩০০ থেকে ৬০০ টাকায়। আর সরকার খাসির চামড়ার প্রতি বর্গফুট মূল্য ২৫-৩০ টাকা নির্ধারণ করলেও ছাগল ও ভেড়ার চামড়া বিক্রি হচ্ছে মাত্র ২০ থেকে ৩০ টাকায়।
উপজেলার মনঝার বাজারের চামড়া ব্যবসায়ী ফজলু মিয়া ও আব্দুল কাদের ‘প্রতিদিনের বাংলাদেশ’-কে বলেন, "৭০০ টাকায় গরুর চামড়া কিনে লবণ ও অন্যান্য খরচসহ ৮০০-৯০০ টাকা দাঁড়িয়েছে। গত বছর চামড়া ক্রয় করে দেড় লাখ টাকা লোকসান হয়েছে, এবারও সঠিক মূল্য না পেলে পুঁজি হারাতে হবে।"
ক্ষেতলাল সদরের মৌসুমি ব্যবসায়ী সাইফুল কসাই জানান, ২০ টাকায় ছাগলের চামড়া কিনেছি। প্রতি পিচ চামড়ায় খরচ হয়েছে সর্বোচ্চ ৮৬ টাকা। বাজার পরিস্থিতি ও লোকসানের ভয়ে প্রতি পিচ মাত্র ১০০ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছি।
স্থানীয়দের অভিযোগ, কেবল কাগজে-কলমে মূল্য ঘোষণা করা হলেও মাঠপর্যায়ে তা বাস্তবায়নে কোনো প্রশাসনিক তদারকি থাকে না। শক্ত বাজার মনিটরিং নিশ্চিত করা না গেলে প্রতি বছরই এই জাতীয় সম্পদের অপচয় হবে এবং এর চরম মাশুল দিতে হবে এতিম-মিসকিন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের।
© Deshchitro 2024