|
Date: 2026-06-17 19:04:13 |
স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুই ছাত্রীকে ‘আই লাভ ইউ’ লেখা চকলেট দেওয়াকে কেন্দ্র করে তিন কিশোরকে পুলিশের কাছে সোপর্দ এবং দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়,১৭ ই জুন বুধবার সকাল পৌনে ১০টার দিকে বহিরাগত তিন কিশোর—দুলাল, ফাহিম ও মাহফুজুল বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় তারা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী সমিতা ইসলাম (১৪) ও সুমাইয়া আক্তার প্রীতি (১৪) কে ‘আই লাভ ইউ’ লেখা চকলেট দেয়।
বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের নজরে এলে তারা তিন কিশোর ও দুই ছাত্রীকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়। পরে প্রধান শিক্ষক তাদের জিজ্ঞাসাবাদ করেন। অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর চাওয়া হলে তিন কিশোর তা দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বহিরাগত তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করে এবং দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করে।
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন ইকবাল বলেন, “শিক্ষার্থীরা তাদের আটক করে আমার অফিসে নিয়ে আসে। আমি অভিভাবকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু তারা অভিভাবকদের নম্বর দিতে রাজি হয়নি। পরে বহিরাগত তিনজনকে থানায় সোপর্দ করা হয়। এছাড়া শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়।
তিনি আরও বলেন, “বর্তমানে এলাকার অনেক শিক্ষার্থী সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন দোকানে আড্ডা দেয়। কেউ কেউ মাদকের সঙ্গেও জড়িয়ে পড়ছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।”
সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, “বিদ্যালয়ে তাদের আটক করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অবগত আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
© Deshchitro 2024