|
Date: 2026-06-19 19:19:21 |
রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
রাজবাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলার এজাহারভুক্ত আসামি মো. ওয়াহিদুজ্জামান (৬০)কে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।
শুক্রবার (১৯ জুন) রাজবাড়ী সদর থানার এসআই (নিরস্ত্র) মো. সাহাবুদ্দিন খান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সদর উপজেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানায় দায়ের করা সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলার আসামি ওয়াহিদুজ্জামান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়াহিদুজ্জামান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা বাজার ইউনিয়নের সিংগারডাক গ্রামের মৃত আজিজ চৌধুরীর ছেলে। তিনি রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীপুর তালতলা এলাকায় তার শ্বশুর আব্দুল লতিফ শেখের বাড়িতে অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024