দিনাজপুরের চিরিরবন্দরে যৌতুকের জন্য এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ মোছা. এমি বেগম নিজে বাদী হয়ে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (চিরিরবন্দর) এই মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন—গৃহবধূর স্বামী মো. আব্দুল হালিম, জা মোছা. আল হেলিনা লিপি, দেবর মো. শ্যামল এবং ননদ মোছা. মুক্তি বেগম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের অক্টোবর মাসে দিনাজপুর চিরিবন্দর উপজেলার ফতেজংপুর, চৌধুরীপাড়া এলাকার মৃত তকিব উদ্দিনের ছেলে মো. আব্দুল হালিমের সঙ্গে বোচাগঞ্জ উপজেলার দকচাই(সরকার পাড়া) এলাকার মোঃসফিকুল ইসলামের মেয়ে এমি বেগমের বিয়ে হয়। বর্তমানে তাদের একটি ৪বছরেরফ ্ বর কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই অভিযুক্তরা এমি বেগমের কাছে ব্যবসার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। ভুক্তভোগী গৃহবধূর পরিবার এর আগে এক লাখ টাকা দিলেও অভিযুক্তরা আরও টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন।
গত ১৮ জুন ২০২৬ তারিখ বিকালে যৌতুকের টাকা না দেওয়ায় স্বামী আব্দুল হালিমসহ অন্য অভিযুক্তরা এমি বেগমকে শারীরিকভাবে নির্যাতন করেন। মারপিটের একপর্যায়ে তাকে শিশু সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
ভুক্তভোগী গৃহবধূ গুরুতর আহত অবস্থায় স্বজনদের সহায়তায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসার পর গত ২১ জুন ২০২৬ তারিখে তিনি আদালতে একটি মামলা দায়ের করেন।যাহার নাম্বার সিআর ২৯৪/২৬। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, চিরিরবন্দর দিনাজপুর এর বিচারক , আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে চিরির বন্দর থানার অফিসার ইন চার্জকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতের কাছে জোর প্রার্থনা জানিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ।