|
Date: 2026-06-29 01:12:38 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার লোহার দীঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি পিকনিকের বাস উল্টে গিয়ে বহু যাত্রী আহত হয়েছেন। রোববার (২৮ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী লোহার দীঘির পাড় এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম বাবুল জানান, বাসটি বগুড়া থেকে একটি পিকনিক দল নিয়ে আসছিল। লোহার দীঘি এলাকায় পৌঁছানোর পর চালক হঠাৎ ব্রেক করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে কয়কটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীদের আর্তচিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি গাছের সঙ্গে ধাক্কা না খেলে সড়কের পাশের গভীর খাদে পড়ে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। অনেকের ধারণা, ওই গাছটিই শেষ মুহূর্তে বহু যাত্রীর প্রাণরক্ষার কারণ হয়ে দাঁড়ায়।
প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজন সামান্য এবং কয়েকজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। তবে এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, যা স্বজন ও স্থানীয়দের জন্য বড় ধরনের স্বস্তির বিষয়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
© Deshchitro 2024