|
Date: 2026-06-29 15:11:06 |
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে নতুন করে চলা পাল্টাপাল্টি সামরিক হামলার পর অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির ভঙ্গুরতা আবারও সামনে এসেছে। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে।
সোমবার (২৯ জুন) বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
নতুন করে সৃষ্ট উত্তেজনার কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজের চলাচল আবারও ধীর হয়ে পড়েছে।
সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৫৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৭২ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম ৮৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০ ডলার ১১ সেন্টে পৌঁছেছে।
এর আগে গত ফেব্রুয়ারির শেষভাগে শুরু হওয়া ইরান যুদ্ধের পর গত সপ্তাহে প্রথমবারের মতো হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০ দশমিক ৬ শতাংশ কমে যায়।
অর্থনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠান আইএনজি সোমবার প্রকাশিত এক বিশেষ নোটে জানায়, আন্তর্জাতিক তেলের বাজার এখনো উল্লেখযোগ্য ঝুঁকির মধ্যে রয়েছে। একই সঙ্গে বাজারসংশ্লিষ্ট ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ স্বাভাবিক হলে বৈশ্বিক জোগান পরিস্থিতি কী অবস্থায় দাঁড়াবে, সেদিকেই সবচেয়ে বেশি নজর রাখছেন।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে বাজারের এই আত্মতুষ্টি অস্বাভাবিক। তাদের আশঙ্কা, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে আরও সময় লাগলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে আরও বাড়তে পারে।
© Deshchitro 2024