|
Date: 2026-06-29 20:28:27 |
জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি
বরিশাল মহানগরীতে চলাচলকারী থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। নগরীতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লাইসেন্সবিহীন ও অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে আগামী ১ জুলাই থেকে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনারও সিদ্ধান্ত হয়েছে।
সোমবার নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত বক্তারা বলেন, নগরবাসীর স্বার্থে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে সুরক্ষা দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে ত্রিপক্ষীয় বৈঠকে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল কবির সুমন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম, বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান। প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং থ্রি-হুইলার মালিক-শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। সিদ্ধান্ত অনুযায়ী, নগরীতে বিদ্যমান ভাড়াই কার্যকর থাকবে এবং কোনো চালক অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও জানানো হয় যাত্রীসেবার মান উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বৈধ কাগজপত্রবিহীন ও লাইসেন্স নবায়ন না করা থ্রি-হুইলারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েকশ থ্রি-হুইলার আটক করে আন্দোলন শুরু করলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করা হয় এবং ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
© Deshchitro 2024