: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ঘরের ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা সরকার (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার খলিসানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিকা সরকার ওই গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক দেড়টার দিকে লতিকা সরকার নিজ ঘরের ফ্যানের সুইচ অন করতে গেলে বৈদ্যুতিক লাইনে ত্রুটি থাকায় তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাকে অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।
বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অঞ্জন কুমার চক্রবর্তী পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই লতিকা সরকারের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার তীব্র আঘাতেই তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর কাছে প্রয়োজনীয় লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। খলিসানি গ্রামসহ আশপাশের এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা ঘরের বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।