|
Date: 2026-07-04 21:36:05 |
জামালপুরের বকশীগঞ্জে একটি অনুষ্ঠানে
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে উদ্দেশ করে মাত্র দুই মিনিটের কম সময়ের দেওয়া এক বক্তব্যে অন্তত ৩৩ বার ‘স্যার’ সম্বোধন করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে ৩৩ বার 'স্যার’ সম্বোধন করেন। এ ছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা কণিকা খাতুন বক্তব্যে প্রতিমন্ত্রীকে ১৯ বার 'স্যার' সম্বোধন করেন।
মতবিনিময় সভায় ওসি মকবুল হোসেন এবং সমাজসেবা কর্মকর্তা কণিকা খাতুনের দেওয়া
বক্তব্যের ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে উল্লেখ করেন। আবার কেউ কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি নিয়েও প্রশ্ন তোলেছেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় এক মিনিট ৫৯ সেকেন্ডের বক্তব্যে ওসি মকবুল হোসেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে ‘স্যার’ সম্বোধন করেন ৩৩ বার। অপরদিকে, ৫২ সেকেন্ডের বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা কণিকা খাতুন প্রতিমন্ত্রীকে ১৯ বার 'স্যার' সম্বোধন করেন। তাঁদের এমন ‘অতি-ভক্তি’ নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সামলোচনার সৃষ্টি হয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হাবীবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন।
এবিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, 'বক্তব্যে ‘স্যার’ শব্দটি কতবার বলেছি; সেটা হিসাব কষা হয়নি। তবে বারবার 'স্যার' বলা কোনো উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয়। বরং শ্রদ্ধাবোধের জায়গা থেকেই এমনটা করা হয়েছে।'
সমাজসেবা কর্মকর্তা কণিকা খাতুন বলেন, 'প্রতিমন্ত্রীকে 'স্যার' সম্বোধন শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ। তিনি আমাদের অভিভাবক।'
একইদিন দুপুরে প্রামীণ অবোকাঠামো রক্ষাণবেক্ষণ টেস্ট রিলিপ (টিআর) কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন এবং মেরুরচর ইউনিয়নের কলকিহারা রাস্তার নির্মাণ কাজে উদ্বোধন করেন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
© Deshchitro 2024