নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা সেবনের আলামতসহ সৌরভ ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (০৬ জুলাই) রাতে উপজেলার উত্তর লালপুর মন্ডলপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।
জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে লালপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ মাদকবিরোধী অভিযানে ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এ সময় সৌরভ ইসলামকে আটক করা হয়। পরে তার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মাদকাসক্তির সাথে জড়িত ছিল এবং এলাকায় মাদক সেবনের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
অভিযান শেষে আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বলেন, “মাদক সমাজকে ধ্বংস করছে। যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সবাইকে সচেতন হতে হবে এবং মাদক সংক্রান্ত তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করতে হবে।”
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, লালপুর উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমও জোরদার করা হবে।