|
Date: 2026-07-06 16:29:50 |
শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ঝিনাইগাতী উপজেলা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হকের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দিতা রানী ভৌমিক, ওসি মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের মাঝে ঋণের চেক, বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
© Deshchitro 2024