কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির আওতায় নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই ২০২৬) বারোমারী কারিতাস অফিসে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে আরমাতা ও তারানী টাস্ক ফোর্স কমিটি। মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন উন্নয়ন (সীডস) প্রকল্পের উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়। প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমশ্চূড়া বিট, মধুটিলা রেঞ্জের বিট কর্মকর্তা মো. কাউসার হোসেন। এ সময় সহকারী বিট অফিসার মো. আতা এলাহী রুকন, ইআরটি কমিটির সভাপতি, এনজিও কর্মকর্তা, মাঠ সহায়ক কর্নেলিউস আরেং এবং টাস্ক ফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বন্যহাতি-মানুষ সংঘাত হ্রাসে টাস্ক ফোর্স কমিটির ভূমিকা, বন আইন সম্পর্কে সচেতনতা, জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম, বন বিভাগের সঙ্গে সমন্বয়, ঝুঁকি হ্রাসের কৌশল এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে টাস্ক ফোর্স কমিটির ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং বন বিভাগের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যহাতি-মানুষ সংঘাত উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024