|
Date: 2026-07-08 20:57:15 |
মেয়েদের স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষাব্যবস্থা অবৈতনিক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভালো ফল করা শিক্ষার্থীদের বৃত্তি দেয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (০৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এমপি হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করেছিলেন। এবার আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিএনপি সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের ক্ষমতায়নেও কাজ করছে। নারীরা যেন অর্থনৈতিকভাবেও শক্তিশালী হতে পারেন। এ লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে।
তিনি আরও বলেন, আজ সংসদের গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছেন। তারা সরাসরি সংসদ অধিবেশন দেখছেন। আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার পাশাপাশি যারা ভালো ফলাফল করবে, তাদের বৃত্তি দিতে চাই।
মহিলা আসনের এমপি শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। একই সঙ্গে তাদের স্কুল ব্যাগও দেয়া হবে।
তিনি বলেন, আমি এ সংসদের সব সদস্যকে আশ্বস্ত করতে চাই, পর্যায়ক্রমে দেশের সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা এ সুবিধা পৌঁছে দেব। বর্তমানে এসব বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর কাছে এ সুবিধা পৌঁছে দেয়ার চেষ্টা করব।
© Deshchitro 2024