|
Date: 2026-07-09 17:46:35 |
মোঃ ফিরোজ মাহমুদ , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী এলাকায় বজ্রপাতে নিহত চারটি গরুর মালিক দুই কৃষকের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন।
এর আগে গত ৭ জুলাই দুপুরে চলমান বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতে নলুয়াবাগী এলাকার মাঠে চরতে থাকা চারটি গরুর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতে কৃষক মো. নিজাম প্যাদার তিনটি এবং কৃষক মো. রুহুল আমিনের একটি গরু মারা যায়। এতে দুই কৃষকের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্তদের ক্ষতি লাঘবে উপজেলা প্রশাসনের উদ্যোগে গরুপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে কৃষক মো. নিজাম প্যাদা তিনটি গরুর জন্য মোট ৩০ হাজার টাকা এবং কৃষক মো. রুহুল আমিন একটি গরুর জন্য ১০ হাজার টাকা অনুদান গ্রহণ করেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুল নবী, গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিব বিশ্বাস এবং গলাচিপা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।
© Deshchitro 2024