আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইশরাত শারমিন মনি বলেছেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি নির্বাচিত হোন বা না হোন, সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


সম্প্রতি বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, তিনি পীরগাছা উপজেলার সন্তান এবং পীরগাছা সদর ইউনিয়নের বাসিন্দা। নির্বাচনের আগে যেমন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, তেমনি নির্বাচনের পরও নিয়মিত জনগণের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখবেন।


ইশরাত শারমিন মনি বলেন, “আমি যদি নির্বাচনে জয়ী হই, তাহলে নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী মানুষের অধিকার ও কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। পাশাপাশি পীরগাছা উপজেলার পরিবেশগত, সামাজিক ও আর্থ-সামাজিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। স্বাস্থ্যসেবাসহ উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে উন্নয়নের জন্য কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আমি নতুন প্রার্থী হলেও জনগণের কাছ থেকে যে আন্তরিক সাড়া, ভালোবাসা ও সমর্থন পাচ্ছি, তা আমাকে অনুপ্রাণিত করছে। এই ভালোবাসার প্রতিদান মানুষের সেবা করেই দিতে চাই। মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি পীরগাছাবাসী আমাকে সমর্থন ও দোয়ার মাধ্যমে পাশে থাকবেন।”

গণসংযোগের সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024