দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ শুরু করেন এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভের কারণে শ্রীমঙ্গল শহরের
হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, স্টেশন রোডসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভের সময় শিক্ষার্থীদের মুখে ছিল ক্ষোভ ও কটাক্ষের স্লোগান। তারা ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’, এবং ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ ইত্যাদি স্লোগান দেন।
দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে শ্রীমঙ্গল চৌমুহনা সড়ক অবরোধ করেন। এসময় শ্রীমঙ্গল ঢাকা এবং মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কে প্রায় ৩ ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
এতে শতাধিক দূরপাল্লাসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
অবরোধ চলাকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রীর তথাকথিত ক্ষমা প্রার্থনাকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। শিক্ষার্থীদের ন্যায্য দাবি, অনুভূতি ও মর্যাদার প্রতি অবহেলা করে দেওয়া এই ক্ষমা প্রার্থনা আমাদের কাছে কেবলই একটি প্রহসন।
তারা আরো বলেন, শিক্ষা ব্যবস্থার মর্যাদা রক্ষা,শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শন এবং সাম্প্রতিক বিতর্কের নৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগই এখন সময়ের দাবি।