আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের (কোড: ২৩৪৪) ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড) কোর্সের ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও ২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) কলেজ চত্বরে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সিমানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মিসেস সোনিয়া হাসান, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, লালপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, মাজার শরীফ টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক ইমাম হাসান মুক্তি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নবীন প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় ও বিদায়ী প্রশিক্ষণার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. সিমানুর রহমান বলেন, বিশেষ শিক্ষা কেবল একটি পেশা নয়, এটি মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার এক মহৎ অঙ্গীকার। আমাদের লক্ষ্য শুধু সনদ প্রদান নয়; বরং এমন দক্ষ, মানবিক, নৈতিক ও গবেষণামুখী বিশেষ শিক্ষা শিক্ষক তৈরি করা, যারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়ন এবং একটি মানবিক সমাজ গঠনে নেতৃত্ব দেবেন। তিনি আরও জানান, ২০২৫ সালে কলেজটিতে প্রতি ব্যাচে ১৫০ জন প্রশিক্ষণার্থী ভর্তির অনুমোদন রয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষে দেশের ৬টি বিভাগ ও ২৩টি জেলা থেকে ৯৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যার মধ্যে ৫১ জন পুরুষ ও ৪২ জন নারী। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রশিক্ষণার্থীদের এই অংশগ্রহণ বিশেষ শিক্ষা বিষয়ে মানুষের আগ্রহ বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থার সুস্পষ্ট প্রতিফলন। প্রধান অতিথি রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা তাঁর বক্তব্যে বলেন, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে দক্ষ বিশেষ শিক্ষা শিক্ষক তৈরির কোনো বিকল্প নেই। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সক্ষমতা বিকাশে প্রশিক্ষিত শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও মানবিক ও সমতাভিত্তিক করে তুলবে। তিনি বিশেষ শিক্ষা সম্প্রসারণে সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীদের সততা, মানবিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, বিশেষ শিক্ষা কেবল একটি শিক্ষা কার্যক্রম নয়, এটি সামাজিক ন্যায়বিচার ও মানবিক দায়বদ্ধতার অংশ। দক্ষ বিশেষ শিক্ষা শিক্ষক তৈরির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়নের পথ আরও সুদঢ় হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ দেশ, জাতি ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024