|
Date: 2026-07-28 16:53:22 |
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, সরকারের সদিচ্ছা থাকলেও অর্থ বরাদ্দের সীমাবদ্ধতার কারণে অনেক উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর (পিআইও) কর্তৃক সদ্য নির্মিত সড়ক ও ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করব। দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। এ বছর না হলেও আগামী বছর দৃষ্টিনন্দন কিছু করতে পারব বলে আশা করছি।” তিনি আরও বলেন, পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও জনসেবার মান আরও উন্নত করা হবে। সড়ক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
© Deshchitro 2024