দিনাজপুরের বিরলে তরুণ ও যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকালে জমকালো ও উৎসবমুখর পরিবেশে বিরল সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। উদ্বোধনকালে
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক ও অনলাইন জুয়ার আসক্তি থেকে যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির লক্ষ্যে সরকার ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিক বিদ্যালয় থেকেই ক্রীড়াচর্চা সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের ক্ষতি করে না, বরং একটি পরিবার ও সমাজের জন্যও হুমকি হয়ে ওঠে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এছাড়াও তিনি তরুণদের মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ২আসনের (বিরল, বোচাগঞ্জ)এমপি মোঃ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক । সভাপতির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতেই এ টুর্নামেন্টের আয়োজন। বিরল ও বোচাগঞ্জ এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাধুলার প্রসারই সুস্থ সমাজ বিনির্মাণের অন্যতম কার্যকর মাধ্যম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
 বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, সাংবাদিক এবং বিপুলসংখ্যক দর্শক।
উদ্বোধনী ম্যাচে চরম প্রতিদ্ম্যাবন্দ্বিতাপূর্ণ খেলায় উপজেলা ক্রীড়া সংস্থাকে ২-১ গোলে হারিয়ে নীলফামারী ফুটবল একাডেমি জয়লাভ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে নীলফামারী দলের আল আমিন ম্যাচসেরা নির্বাচিত হন। এছাড়া প্রথম গোলদাতা ও খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে নিরাপত্তা নিশ্চিত করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ।আয়োজকদের আশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহ যোগাবে  এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024