​নাগেশ্বরীতে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পৃথক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) পরিচালিত এসব অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে উপজেলার দু’টি পরিচিত হোটেলকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​অভিযান সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য ‘বগুড়া দই ঘর’ হোটেলে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মো. সৈয়দ আলী মণ্ডলের মালিকানাধীন এই হোটেলে মিষ্টির সঙ্গে পরিবেশনের জন্য ব্যবহৃত গ্রিল তৈরিতে ক্ষতিকর ও অস্বাস্থ্যকর উপাদান পাওয়া যায়, যা মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া মিষ্টি সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়

​অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অপর এক ভ্রাম্যমাণ আদালতে ‘এশিয়া হোটেল’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিদর্শনের সময় হোটেলটির রান্নাঘরে নোংরা পরিবেশ, নোংরা বাসনপত্র ও খাদ্য সংরক্ষণে চরম অনিয়ম ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানার এ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​অভিযান পরিচালনকারী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং খাদ্যের মান নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত বজায় থাকবে। নিয়ম অমান্যকারী হোটেল-রেস্টুরেন্টের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

​এদিকে, স্বাস্থ্যসম্মত পরিবেশ ফেরাতে প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রেতা ও সাধারণ জনগণ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024