|
Date: 2026-08-05 15:09:59 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) পরিচালিত এ অভিযানে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও অবকাশ এন্টারপ্রাইজে জ্বালানি তেল (পেট্রোল ও অকটেন) বিক্রিতে ওজন ও পরিমাপে প্রতারণার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ঝিনাইগাতী থানা রোডে অবস্থিত ফুলকলি বেকারিতে বিএসটিআই লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় কাগজপত্রের অভাব এবং চিপস, কেক, বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের অভিযোগে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ছানোয়ার হোসেন এবং ফিল্ড অফিসার রাহাত আহমেদের দাখিল করা অভিযোগের ভিত্তিতে মামলাগুলোর বিচার কার্যক্রম পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত এবং লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
© Deshchitro 2024