|
Date: 2026-08-09 19:25:09 |
“আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতার সুরক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সদর উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৯ আগস্ট) র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শেরপুর সদর উপজেলার কসবা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ছোট ঝাউয়েরচর সূর্যমুখী যুব উন্নয়ন সংগঠন ও কসবা আলোর দিশারি সিবিওর সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কসবা কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রুনা জেংচাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রজেক্ট অফিসার মো. ওসমান গনি, টিডব্লিউএ শেরপুর সদর চেয়ারম্যান মি. ডেনিশ দুলাল মারাক। সহায়তা করেন মাঠ সহায়ক রনু নকরেক ও সুবল ম্রং। আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং প্রথাগত জ্ঞান ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মাতৃস্বাস্থ্য ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে আদিবাসী ধাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের যথাযথ সম্মান, প্রশিক্ষণ ও সহায়তা প্রদানের আহ্বান জানান বক্তারা। বক্তারা বলেন, আদিবাসী ধাত্রীরা দীর্ঘদিন ধরে নিজ নিজ সম্প্রদায়ের নারীদের প্রসবকালীন সেবা দিয়ে আসছেন। তাঁদের অভিজ্ঞতা ও ঐতিহ্যগত জ্ঞানকে মূল্যায়নের পাশাপাশি আধুনিক স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। এতে মা ও শিশুর জীবন রক্ষার পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্প, শেরপুর সদর, কারিতাস ময়মনসিংহ অঞ্চল। সহযোগিতায় ছিল স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ।
© Deshchitro 2024