একদিকে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে মাদকের সহজ প্রবেশপথ—চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মাদক ও চোরাচালান নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। ভারতের সীমান্তবর্তী করেরহাট ইউনিয়নের বিভিন্ন পথে ভারত থেকে মাদকসহ নানা অবৈধ পণ্য দেশে প্রবেশের অভিযোগ দীর্ঘদিনের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাঝেমধ্যে এসব চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ হলেও পুরোপুরি বন্ধ হচ্ছে না অবৈধ ব্যবসা। এর প্রভাব পড়ছে কিশোর ও তরুণদের ওপরও। এমন বাস্তবতায় মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি করেছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাব। রোববার (৯ আগস্ট) মিরসরাই উপজেলার করেরহাট বাজারে সংগঠনটির নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। করেরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, করেরহাট ইউনিয়নের পূর্বাঞ্চল ভারতের সীমান্তবর্তী হওয়ায় এ অঞ্চলে সীমান্তপথে মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ পণ্য প্রবেশের ঝুঁকি রয়েছে। পুলিশ ও বিজিবির নিয়মিত অভিযানে মাদক ও চোরাচালানের পণ্য আটক হলেও সংশ্লিষ্টদের মতে, চোরাচালানের মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করা না হলে এ সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন।

র‌্যালিতে অংশ নিয়ে উদয়ন ক্লাবের নেতৃবৃন্দ বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সীমান্তবর্তী এলাকায় মাদকের প্রবেশ ঠেকানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

তারা আরও বলেন, সীমান্ত দিয়ে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশের সুযোগ বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোথাও মাদক বিক্রি বা চোরাচালানের তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

র‌্যালিতে উপস্থিত ছিলেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এমরান হোসেন শামীম, করেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল করিম, উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, প্রতিষ্ঠাতা সম্পাদক শওকত আলী, সাবেক সহ-সভাপতি দিলীপ কুমার বণিক, আবুল কাশেম, সাবেক সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন, উদয়ন ক্লাবের সভাপতি ছালেহ আহম্মদ ডিপটি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সহ-সভাপতি ফজলুল মুরাদ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সরোয়ার উদ্দিন, অর্থ সম্পাদক গোলাম মর্তুজা, প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল মুক্তাদির আদিল, অফিস সম্পাদক আবু আহাম্মদ রিপন, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন, সামাজিক সম্পাদক তোবারক হোসেন রনি, সাংস্কৃতিক সম্পাদক নুরুল করিম রুবেল, কার্যকরী পরিষদ সদস্য নাজিম উদ্দিন, দিদারুল আলম ও মিজান উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য, করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোতাহের হোসেন রাসেল এবং করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা র‍্যালিতে অংশ নেন।

আয়োজকরা বলেন, শুধু অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের চাহিদা কমানোর পাশাপাশি এর ভয়াবহতা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাদকবিরোধী সচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উদয়ন ক্লাবের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024