|
Date: 2026-08-12 17:23:32 |
“যুব শক্তি, উদ্ভাবন ও অংশগ্রহণ: গড়বো ন্যায়সঙ্গত, সমতামূলক ও টেকসই আগামী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের শেরপুর এরিয়া অফিসের আয়োজনে বুধবার (১২ আগস্ট) উপজেলার বাঁকাকুড়া কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল বার্তা ছিল “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা”। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা অফিসার মো. সানজা হোসাইন সানী এবং উপজেলা সমবায় অফিসার মো. রুকনুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে কোচ, হাজং, গারো ও বর্মন জনগোষ্ঠীর যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের উদ্ভাবনী চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। বৈষম্যহীন, ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যৎ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
একইদিনে “যুবশক্তির জাগরণ, আগামীর অঙ্গীকার” মূলসুরকে সামনে রেখে আদিবাসী জনগোষ্ঠীর যুবক-যুবতীদের জীবন গঠন, নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়িত্ব বিষয়ক যুব সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়। সেমিনারের আয়োজন করে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সানজা হোসাইন সানী, উপজেলা সমবায় অফিসার মো. রুকনুজ্জামান, মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লরেন্স রিবেরু, সিএসসি, সুপার জর্জ চিসিম এবং এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা। বক্তারা বলেন, আদিবাসী তরুণদের শিক্ষার পাশাপাশি নেতৃত্ব, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা, শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দায়িত্বশীল মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। তাঁরা আরও বলেন, আদিবাসী সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিজস্ব পরিচয় ও আত্মমর্যাদা বিকাশের মাধ্যমে সমাজের উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আদিবাসী যুবক-যুবতীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের শেরপুর এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচ। দিনব্যাপী আয়োজিত যুব সেমিনারে প্রায় ২২০ জন আদিবাসী যুবক-যুবতী অংশগ্রহণ করেন। তাঁরা নেতৃত্ব বিকাশ, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং কমিউনিটি সার্ভিসসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটানোর পাশাপাশি আদিবাসী সমাজে দায়িত্বশীল ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© Deshchitro 2024