|
Date: 2026-08-12 23:49:44 |
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাঠ বাজারে দিনদুপুরে প্রায় শতবর্ষী একটি রেইনট্রি (কড়ই) গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে পূর্বচণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওপর হেলে পড়া একটি বড় গাছের ডালও কেটে ফেলা হয়েছে। টানা দুই দিন ধরে এই বৃক্ষকর্তনের ঘটনা ঘটলেও উপজেলা প্রশাসন কিংবা জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) সকালে ভিতরবন্দ-কালীগঞ্জ সড়কের ডাকনিরপাঠ বাজার সংলগ্ন অংশ থেকে শতবর্ষী গাছটি কেটে নেওয়া হয়। স্থানীয়দের অনুমান, কর্তনকৃত গাছ ও ডালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।
ঘটনার বিষয়ে ডাকনিরপাঠ ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গয়ানাথ রায় জানান, বাজারের ব্যবসায়ী হাসেম আলীর ঘরের ওপর গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সেটি সরানোর জন্য তার সহযোগিতায় ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম সফির কাছে লিখিত আবেদন করা হয়। পরবর্তী সময়ে চেয়ারম্যানের অনুমতি পেয়েই ঘরের মালিক হাসেম মিয়া গাছটি কাটার পদক্ষেপ নেন।
অনুমতি দেওয়ার বিষয়টি স্বীকার করে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউল আলম সফি বলেন, "ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণের জন্য ইউনিয়ন পরিষদে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে হাসেম মিয়া গত দুদিনে গাছটি কেটেছেন।" তিনি আরও জানান, কাটা গাছের প্রায় ১৫টি গুঁড়ি ইতোমধ্যে জেলা পরিষদ কর্তৃপক্ষের জিম্মায় নিয়ে যাওয়া হয়েছে।
তবে দিনদুপুরে প্রকাশ্যে সরকারি সড়কের গাছ কাটা হলেও সংশ্লিষ্ট প্রশাসন ও বন বিভাগের কাছে কোনো আগাম তথ্য না থাকা এবং অনুমোদনের বিষয়টি 'অজ্ঞাত' থাকা নিয়ে স্থানীয় সচেতন মহলে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
© Deshchitro 2024