|
Date: 2026-08-13 16:02:34 |
গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রাজবাড়ীর গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল হুদা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদেরসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও সংশ্লিষ্টরা।
সভায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। টুর্নামেন্টে শিক্ষার্থী ও তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মাঠ পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল হুদা বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে ওঠে। তাই শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে টুর্নামেন্ট সফল করতে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দল, খেলার পরিবেশ এবং সংশ্লিষ্টদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের সমন্বয়ে প্রতিযোগিতাটি সুন্দরভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
© Deshchitro 2024