বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২১ পিস ইয়াবা, ৩ কেজি ২৩০ গ্রাম গাঁজা, দুটি ধারালো দা ও ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি সুইস গিয়ার চাকুসহ সাতজনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় এবং গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক হেলালুজ্জামান ও পুলিশ পরিদর্শক সুজিত গোমস্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই শাহীন, এসআই জাহিদ, এসআই আলম, এসআই মাহমুদসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন। পুলিশ জানায়, কোতোয়ালি থানাধীন জিয়নগর মোহাম্মদ আলী সড়ক এলাকা থেকে মোঃ শামীম হাওলাদার (৪৫) ও মোঃ রাসেল হাওলাদার (৩৫)কে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। কাউনিয়া থানাধীন পলাশপুর বউবাজার রনি কমিশনারের গলি এলাকা থেকে মোছা. সুমি আক্তার (৩৬)কে ৯৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই থানার দিঘীরপাড় এলাকা থেকে মোঃ সাইফুল ইসলাম শান্ত (৪০)কে ২১ পিস ইয়াবা, ২৩০ গ্রাম গাঁজা, দুটি বড় আকারের ধারালো দা এবং তিনটি সুইস গিয়ার চাকুসহ আটক করা হয়। এ ছাড়া কোতোয়ালি থানাধীন জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোঃ ফয়সাল বেপারী (২৬)কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। গগনগলি এলাকা থেকে লাবনী আক্তার (২৬)কে পাঁচ পিস ইয়াবাসহ এবং দপদপিয়া সেতু সংলগ্ন এলাকা থেকে মোঃ জহিরুল ইসলাম (৩৩)কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই-বাছাই করে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মোট সাতটি মামলা রুজু করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত বরিশাল মহানগরী গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024