|
Date: 2026-08-21 06:07:00 |
মেধার স্বীকৃতি ও ভবিষ্যতের প্রতিশ্রুতির বার্তা নিয়ে উৎসবমুখর পরিবেশে ‘প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ এবং প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি থেকে জিপিএ-৫ পাওয়া ও ৫০০ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। আগমনকালে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ ও গার্ড অব অনার প্রদর্শন করা হয়। এরপর কলেজের মাঠে নবনির্মিত পানির ফোয়ারা উদ্বোধন করেন অতিথিরা।
পবিত্র কুরআন তিলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের তথ্যচিত্র (ডকুমেন্টরি) প্রদর্শন করা হয়। ট্রাস্টের সচিব এবং প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফসল। তবে এটি কেবল সাফল্যের সূচনা। আগামী দিনের প্রতিযোগিতামূলক বিশ্বে দেশকে নেতৃত্ব দিতে হলে মেধার পাশাপাশি মানবিক গুণাবলিসম্পন্ন ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকী বলেন, “প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট সর্বদা গুণগত শিক্ষা ও মেধাবিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও অনুপ্রেরণা জোগাতেই আজকের এই আয়োজন। শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গৌরব বয়ে আনবে—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউছার এবং রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ তৌহিদুল ইসলাম। বক্তারা শিক্ষক ও অভিভাবকদের ভূমিকার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠান দুটির সার্বিক শিক্ষা কার্যক্রমের অগ্রযাত্রাকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা উপজেলাভিত্তিক ছাত্র-ছাত্রীদের সাথে গ্রুপ ফটো সেশনে অংশ নেন।
অনুষ্ঠানে ২০০-এর অধিক অভিভাবক, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আগত সকল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
© Deshchitro 2024