|
Date: 2026-08-22 12:51:12 |
জয়পুরহাটের কালাইয়ে স্বামীর মারধরের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মাসুদা বেগম নামের এক গৃহবধূ মারা গেছে। এ ঘটনায় করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মেহেদী হাসান শাপলা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ।
নিহত মাসুদা বেগম কালাই উপজেলার হারুঞ্জা শাহপাড়া গ্রামের আব্দুস সামাদ এর ছেলে মেহেদী হাসান শাপলার স্ত্রী।
এর আগে গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে একই গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে মেহেদী হাসান শাপলা লোহার রড ও প্লাস দিয়ে তাকে মারধর করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে মাসুদা গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আদালতে মামলা করেন।
পুলিশ জানায়, মামলার আসামি মেহেদী হাসান শাপলাকে স্থানীয় গ্রামবাসী আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ বলেন, মাসুদা বেগমকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মেহেদী হাসান শাপলাকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগীর মৃত্যু হওয়ায় মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তদন্তে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© Deshchitro 2024