|
Date: 2026-08-27 23:43:36 |
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলতে গিয়ে গুরুতর আহত হয়েছেন গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফ্রিদি সালমান রানা। তাঁর চিকিৎসায় এগিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক ও সহপাঠীরা। এমনকি শিরোপা জয়ের পর উদ্যাপনের জন্য পাওয়া অর্থও এই শিক্ষার্থীর চিকিৎসায় দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় গণিত ও সমাজকর্ম বিভাগ। প্রথমার্ধের খেলা শেষে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে ডান হাঁটুতে মারাত্মক আঘাত পান আফ্রিদি। পরে হাসপাতালে নিয়ে এমআরআই (MRI) করানো হলে জানা যায়, তাঁর ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
এদিকে ওই ফাইনালে সমাজকর্ম বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গণিত বিভাগ। শিরোপা জয়ের পর উদ্যাপনের জন্য বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল, টিম ম্যানেজার আবুল হায়াত সজীবসহ আরও দুই শিক্ষক মিলে শিক্ষার্থীদের দুটি খাসি কেনার অর্থ উপহার দেন। তবে সতীর্থের এমন গুরুতর আহত হওয়ার খবরে আনন্দ-উদ্যাপন বাতিল করে সেই অর্থ আফ্রিদির চিকিৎসার জন্য দিয়ে দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।
উন্নত চিকিৎসার বিশাল ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তায় ছিল আফ্রিদির পরিবার। এ অবস্থায় সাহায্যের আবেদন জানিয়ে জাবিপ্রবি উপাচার্য বরাবর চিঠি দেন আফ্রিদির বড় ভাই। উপাচার্য ড. মো. আমির হোসেন তাঁকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উপাচার্য বলেন, ‘খেলতে গিয়ে এমন চোট পাওয়া আসলেই দুঃখজনক বিষয়। তাঁকে সুস্থ করে তুলতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু সাহায্য করা দরকার, আমরা তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’
শিক্ষার্থীর এমন আহত হওয়ার ঘটনায় ব্যথিত গণিত বিভাগের শিক্ষকেরাও। বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল বলেন, ‘আমরা আফ্রিদির দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করি। তাঁর জন্য আমাদের জায়গা থেকে যতটুকু করা দরকার, তা করার চেষ্টা করব।’
আফ্রিদির চিকিৎসায় বিভাগের শিক্ষার্থীদের আন্তরিকতার কথা জানিয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা এমন একজন ভালো খেলোয়াড়কে হারাতে চাই না। আমাদের পক্ষ থেকে যতটা সাহায্য-সহযোগিতা করা যায়, আমরা করে যাব।’
© Deshchitro 2024