|
Date: 2026-08-29 17:26:09 |
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের আবু বক্কর ফকিরের ছেলে মো. শিপন ফকির (৪৮) এবং একই উপজেলার ভাটি গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (৩৫)।
রাজবাড়ী সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাজ্জাদ টেলিকমের সামনে থেকে শিপন ফকির ও সোহেল মোল্লাকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ তাদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে যথাযথ পুলিশ পাহারায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, “মাদকের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা প্রয়োজন। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজবাড়ী সদর উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।
© Deshchitro 2024