|
Date: 2026-08-29 21:21:52 |
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা। সেই চিত্র বদলে দিতে ঝাড়ু-বালতি হাতে মাঠে নামলেন বিডি ক্লিনের একদল তরুণ স্বেচ্ছাসেবী। পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে তারা শুধু গোল চত্বর পরিষ্কারই করেননি, সাধারণ মানুষকেও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল থানা বাজারের গোল চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা।
সংগঠনটির সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিডি ক্লিনের গেঞ্জি পরিহিত কয়েকজন তরুণ-যুবক হাতে গ্লাভস পরে ঝাড়ু, বালতি ও বস্তা নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
প্রথমে তারা গোল চত্বর ও আশপাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে বস্তায় তোলেন। পরে বালতিতে করে পানি এনে গোল চত্বরে পানি ছিটিয়ে ঝাড়ু দিয়ে পুরো এলাকা পরিষ্কার করেন। তাদের এ কার্যক্রমে গোল চত্বরের ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পরিচ্ছন্নতার একটি বার্তাও ছড়িয়ে পড়ে।
বিডি ক্লিনের সদস্য ও ক্ষেতলাল উপজেলার অন্যতম মুখ্য সমন্বয়ক ওমর ফারুক বলেন, আমাদের সাপ্তাহিক ইভেন্টের অংশ হিসেবে আমরা এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি। এর আগেও উপজেলা ও পৌর প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি।
তিনি বলেন, ময়লা-আবর্জনা জমে থাকলে সেখানে মশার প্রজনন হতে পারে। এতে ডেঙ্গুর মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেই আমাদের এ উদ্যোগ।
বিডি ক্লিনের সদস্য ও ক্ষেতলাল উপজেলার সমন্বয়ক বলেন, আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই আমরা থানা বাজারের গোল চত্বর পরিষ্কার করেছি। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে ময়লা-আবর্জনামুক্ত সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা জানান, নিয়মিত এমন কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সচেতন করার চেষ্টা করছেন তারা। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
© Deshchitro 2024