|
Date: 2026-09-01 18:41:15 |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসায় ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট (টিসিএস)। চ্যারিটি ট্যুরের লভ্যাংশের পাশাপাশি সংগঠনটির অ্যালামনাই, সদস্য ও বিভিন্ন মসজিদ থেকে সংগ্রহ করা অর্থ মিলিয়ে এ সহায়তা দেওয়া হয়।
সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের একটি কক্ষে অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলামের কাছে এ অর্থ তুলে দেন ট্যুরিস্ট ক্লাব সাস্টের সদস্যরা।
সংগঠনটি জানায়, আশরাফুল আলমের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে গত ৭ জুলাই ‘সিলেট এক্সপ্লোর ২.০: ট্যুর ফর চ্যারিটি’ শীর্ষক একটি ট্যুরের আয়োজন করা হয়। ট্যুর থেকে অর্জিত লভ্যাংশের পুরো অর্থ তাঁর চিকিৎসা সহায়তা তহবিলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ট্যুরিস্ট ক্লাব সাস্টের অ্যালামনাই ও বর্তমান সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। বিভিন্ন মসজিদ থেকেও তাঁর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হয়। এসব উৎস থেকে সংগৃহীত অর্থ মিলিয়ে মোট ৩৫ হাজার টাকা তাঁর চিকিৎসা তহবিলে প্রদান করা হয়েছে।
ট্যুরিস্ট ক্লাব সাস্টের সভাপতি মো. নুরজামান হৃদয় বলেন, ‘আশরাফুল ভাইয়ের চিকিৎসা সহায়তায় সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসেছেন। ট্যুরিস্ট ক্লাব সাস্টও সংগঠন হিসেবে তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়। চ্যারিটি ট্যুরের মাধ্যমে অর্থ সংগ্রহের পাশাপাশি আমাদের অ্যালামনাই, সদস্য ও বিভিন্ন মসজিদ থেকেও অর্থ সংগ্রহ করা হয়েছে।’
তিনি বলেন, ‘সব উৎস থেকে সংগ্রহ করা অর্থ মিলিয়ে মোট ৩৫ হাজার টাকা আশরাফুল ভাইয়ের চিকিৎসা তহবিলে প্রদান করা হয়েছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া কামনা করছি।’
© Deshchitro 2024