|
Date: 2026-09-04 14:35:19 |
জয়পুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গাদগাড়ী এলাকায় এক নারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রীসহ ওই নারী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজা বেগম (৫৫) নামে ওই নারীর মৃত্যু হয়েছে।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি জয়পুরহাটের দিকে যাচ্ছিল। গাদগাড়ী এলাকায় পৌঁছালে সড়কে থাকা ফিরোজা বেগমকে বাঁচাতে চালক গাড়িটি পাশ কাটানোর চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রতিমন্ত্রী ও আহত নারীকে উদ্ধার করেন। ফিরোজা বেগমকে প্রথমে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে প্রথমে কালাই উপজেলায় তার বাসায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অসুস্থ অনুভব করলে তাকে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, প্রতিমন্ত্রীর ডান পায়ে সামান্য আঘাত লেগেছে। এছাড়া বাম পায়ের শোল্ডার ও বুকে আঘাত পেয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত ও বর্তমানে সুস্থ রয়েছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে প্রতিমন্ত্রীকে নিরাপত্তার সঙ্গে বাসায় নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, প্রতিমন্ত্রীর গাড়ির দুর্ঘটনায় আহত ফিরোজা বেগমের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা চাইলে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
© Deshchitro 2024