|
Date: 2026-09-08 16:54:09 |
গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গোয়ালন্দের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল হুদার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আঃ কাদের, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আঃ কাদের শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাক্ষরতার বিকল্প নেই। দেশের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে হবে। শতভাগ সাক্ষরতা অর্জন আধুনিক বাংলাদেশ গঠনের অন্যতম পূর্বশর্ত। একই সঙ্গে শিক্ষার হার বাড়ানো এবং শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার শূন্যের পর্যায়ে নামিয়ে আনা জরুরি।
বক্তারা আরও বলেন, নিরক্ষরতা, ক্ষুধা ও দারিদ্র দেশের উন্নয়নের অন্যতম প্রতিবন্ধক। এসব সমস্যা মোকাবিলায় শিক্ষার বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাক্ষরতা একজন মানুষের জ্ঞান অর্জনের প্রাথমিক ধাপ তৈরি করে এবং তাকে আত্মনির্ভরশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
তারা বলেন, শুধু স্বাক্ষরজ্ঞান অর্জন নয়, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার মাধ্যমে দেশের জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। এজন্য ঝরে পড়া রোধ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা গোয়ালন্দ উপজেলাকে নিরক্ষরতামুক্ত ও শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
© Deshchitro 2024