|
Date: 2026-09-16 18:32:01 |
রংপুরের পীরগাছায় বাংলাদেশ মুজাহিদ কমিটি (চরমোনাই) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন পীরগাছা বাজারের ব্যবসায়ী মোখলেছুর রহমান। দীর্ঘ প্রায় ৩৬ বছর বাংলাদেশ মুজাহিদ কমিটির সঙ্গে যুক্ত থাকার পর তিনি জামায়াতে যোগ দেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন মোখলেছুর রহমান। এ সময় জামায়াত নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন।
জানা গেছে, জামায়াতে যোগ দেওয়ার আগে মোখলেছুর রহমান বাংলাদেশ মুজাহিদ কমিটির পীরগাছা উপজেলা শাখার নায়েবে ছদর (সহসভাপতি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে ১৯ সেপ্টেম্বর ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ‘ঢাকা টু রংপুর লংমার্চ’ বাস্তবায়নে পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের আমির আবু সুফিয়ান সুজন। সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ইদ্রিস আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাশেম আলী, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির রওশন আলী, বায়তুল মাল সম্পাদক হোসাইন আহমেদসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
জামায়াতে যোগদান প্রসঙ্গে মোখলেছুর রহমান বলেন, তিনি প্রায় ৩৬ বছর ধরে বাংলাদেশ মুজাহিদ কমিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শকে ধারণ করে অন্তর থেকে সংগঠনটিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে জামায়াতে ইসলামীর আদর্শ অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
© Deshchitro 2024