|
Date: 2026-09-19 15:37:05 |
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় এই সিদ্ধান্তের পর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও দলের আদর্শ ও কর্মসূচির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নাফ হোসেন মুন ভারাক্রান্ত মনে বলেন, দীর্ঘ সময় ধরে তিনি এই সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একটি কমিটি বিলুপ্ত হলে মন স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত হয়ে ওঠে, কারণ এর পেছনে জড়িয়ে থাকে দীর্ঘ দিনের রাজপথের কঠিন সংগ্রাম, রক্ত, ঘাম ও সহযোদ্ধাদের ত্যাগ। দায়িত্ব পালনকালে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সহযোদ্ধা ও ত্যাগী কর্মী-সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা, সহযোগিতা ও অভূতপূর্ব আন্তরিকতা পেয়েছেন, তা তিনি আজীবন গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন।
তিনি আরও বলেন, ছাত্রদল তার প্রাণের সংগঠন। দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মাঝে রাজপথে থেকে তিনি ছাত্রদলের রাজনীতি করে এসেছেন, যার ফলে সংগঠনের প্রতি আবেগ ও ভালোবাসা অত্যন্ত গভীর। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তকে তিনি সর্বোচ্চ সম্মানের সঙ্গে গ্রহণ করছেন। মন ভারাক্রান্ত হলেও সংগঠনের দলীয় শৃঙ্খলাই শেষ কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদর্শ, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি আগের মতোই রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন, ইনশাআল্লাহ।
পরশেষে তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব ও নতুন কমিটির জন্য শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত নেতৃত্ব বিগত দিনের ত্যাগী নেতা-কর্মীদের সঠিক মূল্যায়ন করবে, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে এবং দলের চূড়ান্ত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© Deshchitro 2024