শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ‍" আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন" এ স্লোগানকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) বিকালে সুন্দরবন সংলগ্ন দাতিনাখালী গ্রামে ঐীতহ্যবাহী কারাম উৎসব মহাসমারোহে পালিত হয়েছে।  

উৎসবের শুরুতে দেখা যায় সব প্রস্ততির পর ঈশ্বরের নামে জীবন্ত মুরগীর সামনে চাল দেওয়া হয়,যা ঐ মুরগী গ্রহণ করার উপর মুন্ডারা তাদের ভাগ্য সম্পর্কে পূর্ব ধারণা লাভ করে থাকেন।  মুরগী চাল খাইলে সে বছর ভাল ফলন হবে এটা তাদের বিশ্বাস।  

মুন্ডা সম্প্রদায়ের পক্ষে গোপাল চন্দ্র মুন্ডা, পুজারী নারায়ন চন্দ্র মুন্ডা জানান,কারাম গাছকে কেন্দ্র করে সুদীর্ঘ কাল ধরে বিশ্বের বিভিন্ন দেশের মত শ্যামনগরে মুন্ডা সম্প্রদায় কারাম উৎসব পালন করে থাকেন।  তারা আরও জানান, প্রলয়ংকরী ঘূর্নিঝড় আইলার আঘাতের পর প্রায় এক যুগ শ্যামনগরে কারাম উৎসব পালিত হয়নি। পুনরায় নিজেদের ঐতিহ্যের ধারক কারাম উৎসব উৎযাপনের সুযোগ হওয়ায় তারা নিজেদের সৌভাগ্যবান বলে দাবী করেন।  

জানা যায় উৎসবটি সাধারণত তিন দিন,পাঁচ দিন বা সাত দিন ব্যাপী হয়ে থাকে। মঙ্গলবার সাতদিন ব্যাপী উৎসবের সমাপনীর অগ্রভাগে পাহান বা পূজারী নারায়ন চন্দ্র মুন্ডা দেবতা কারামের উদ্দেশ্যে একটি মুরগী উৎসর্গ করেন।  পরবর্তীতে কারাম গাছ কাটার পর ঐতিহ্যগত জ্ঞান বিনিময়ে অংশ হিসাবে গল্প, গান, আদিবাসী নৃত্য সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, রীতি অনুযায়ী চারজন কুমারী মেয়ে ও দু'জন নারী পূজার সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করেন।  কারাম মূলত একটি বৃক্ষ। এই উৎসবকে কেন্দ্র করে সম্প্রতি কারাম বীজ বপনের মাধ্যমে একটি গাছ তৈরী করা হয়।  

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। মুন্ডা সম্প্রদায়ের সংগঠন  সামসের সভাপতি মিঃ গোপাল মুন্ডার সভাপতিত্বে ও সামসের পরিচালক কৃষ্ণপদ মুন্ডার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরীপুর যিশু নাম আশ্রমের পরিচালক ফাদার লুইজি পাজ্জি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, গবেষক আরিফুর রহমান, আনন্দিনী মুন্ডা সহ খুলনার কয়রা, সাতক্ষীরার তালা,শ্যামনগর উপজেলার মুন্ডা সম্প্রদায়ের মাতব্বরবৃন্দ। উৎসবে পূজারী হিসাবে দায়িত্ব পালন করেন দাতিনাখালী মুন্ডা পাড়ার পাহান নারায়ন চন্দ্র মুন্ডা। 

আলোচনাসভায় মুন্ডা সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের সংস্কৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান সহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।  

ছবি- শ্যামনগরে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের কারাম উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।  



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024