|
Date: 2026-09-26 18:04:16 |
বিগত ৫৫ বছরে দেশের রাজনীতিতে যারা নেতৃত্বে এসেছিলেন, তারা মুখে দেশপ্রেমের বুলি আওড়ালেও চেয়ারে বসে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। সমাজে টেন্ডারবাজি, দাঙ্গাবাজি ও দুর্নীতির রাজত্ব কায়েম করার কারণেই আজ দেশের সার্বিক উন্নয়ন থমকে গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চাকরিতে দলীয় বিবেচনা ও নিয়োগ বৈষম্য কোনোভাবেই বরদাশত করা হবে না। নব্য ফ্যাসিবাদী কায়দায় নিজেদের লোকদের চাকরি দেওয়ার অপচেষ্টা হলে ছাত্র-জনতা আবারো রাজপথে নেমে আসবে। তখন দিল্লি, পিন্ডি কিংবা লন্ডনেও পালিয়ে রক্ষা পাওয়া যাবে না।
শিক্ষাঙ্গনে সুস্থ ধারার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসে কোনো নেতার নামে 'স্লোগান', শোডাউন কিংবা মহড়া আর চলবে না। শিক্ষার্থীদের প্রধান কাজ হবে পড়াশোনা ও গবেষণা করা। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে মেধা ও নৈতিকতায় এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলন কোনো একক দলের সুবিধা অর্জনের জন্য নয়, বরং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াই। সরকারি চাকরিতে ঘুষ, স্বজনপ্রীতি ও ভাইভার নামে বৈষম্য চিরতরে বন্ধ করে সংবিধান প্রদত্ত অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।
একই দিনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছাত্রশিবির আয়োজিত ছাত্র গণজমােেতও বক্তব্য দেন সাদিক কায়েম। সেখানে তিনি চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে হলে নেতৃত্বের আমূল পরিবর্তন সময়ের দাবি।
অনুষ্ঠানে ঢাকা পল্টন জামায়াতের আমির শাহিন আহমদ খান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, পৌর আমির মো. জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, কুলাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার ও কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024