|
Date: 2026-09-28 19:15:04 |
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার বিকালে বাগআঁচড়া বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে গিয়ে সেখান থেকে ফিরে বাজারের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। পরে মিছিলটি আবার বাগআঁচড়া বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।
এসময় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে জনজীবনে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পথসভায় উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহাজাম কবীর, মোনায়েম হোসেন, আমির হোসেন ঢালী ও মোজাম বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য আলি বাবর বাবু, সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ, বিএনপি নেতা নাজমুল হুদা, আজাহারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
© Deshchitro 2024