কুমিল্লার চৌদ্দগ্রামে একটি হায়েস মাইক্রোবাস থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার সীমান্তবর্তী গাংরা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে গীতবাড়ি বিওপির একটি টহল দল চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা নামক স্থানে একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মাইক্রোবাসটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024