|
Date: 2026-10-10 20:22:15 |
Writing
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপন ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সাতক্ষীরার আশাশুনির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। শনিবার (১০ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বুধহাটাসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার বুধহাটা সুবর্ণ বণিকপাড়া পূজামণ্ডপ ও বুধহাটা কাছারিবাড়ি সার্বজনীন দুর্গাপূজামণ্ডপে যান। এ সময় তিনি প্রতিমা দর্শন করেন এবং মণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও প্রস্তুতির খোঁজখবর নেন। পূজার দিনগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসব আনন্দমুখর করে তুলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার বলেন, এ বছর সাতক্ষীরা জেলায় ৬০৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন এবং একে অপরের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন।
বুধহাটায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এখানে যেমন সব ধর্মের মানুষ একসঙ্গে উপস্থিত হয়েছেন, তেমনি সবাই মিলে পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি যানজট এড়াতে প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাও থাকবে।
পুলিশ সুপার আরও বলেন, অধিকাংশ পূজামণ্ডপে ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেসব মণ্ডপে এখনো ক্যামেরা স্থাপন করা হয়নি, সেগুলোও দ্রুত সিসিটিভি নজরদারির আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বুধহাটা পরিদর্শন শেষে পুলিশ সুপার উপজেলার মহেশ্বরকাটি, হাড়ীভাঙ্গা, বুড়িয়া ও গোয়ালডাঙ্গা এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিঠুন কুমার সরকার, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বায়েজীদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সেকেন্দার আলীসহ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ও মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024