|
Date: 2026-10-11 08:36:06 |
জামালপুরের ইসলামপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্যে ও বিশৃঙ্খলার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে মশাল মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা।
গতকাল শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে ইসলামপুর পৌর শহরে এ কর্মসূচি পালন করেন তাঁরা। ইসলামপুর-সিরাজাবাদ সড়কে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়ে বটতলা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দ্বিতীয় দফায় সমাবেশ করেন নেতা-কর্মীরা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইসলামপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, কোষাধ্যক্ষ ব্যবসায়ী বাবু, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নুরনবী ইসলাম তানভীর,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েস, সদস্যসচিব শাকিল আহমেদ পাপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদমান সাকিব রিফাত এবং সদস্য জিয়াউল।
বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। ছাত্রলীগের নামে কেউ যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, এবিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। সমাবেশে স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বুধবার (৭ অক্টোবর) ভোরে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. শাওন সরকারের নেতৃত্বে পৌর শহরের বিজয় চত্বর এলাকায় সবার অগোচরে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। একইদিন বিকেলে ওই মিছিলের ৪১ সেকেন্ডের একটি ভিডিওটি ফেসবুকের বিভিন্ন আইডিতে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
ভিডিওতে দেখা যায়, ১২ থেকে ১৫ জন ব্যক্তি মিছিল করছেন। তাঁদের অনেকেরই মুখে মুখোশ ছিল। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়। মিছিলের ডিজিটাল ব্যানারে আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগ’-এর নাম।
ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ওইদিন সন্ধ্যার আগ মূহুর্তে পৌর শহরে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা
বিক্ষোভ মিছিল করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলু মিয়া বাদী হয়ে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকারকে প্রধান আসামি দিয়ে ইসলামপুর থানায় আওয়ামী লীগের ৪৮ নেতা-কর্মীর নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা কার্যক্রম ছাত্রলীগ ও আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা, দোসর এবং কর্মী সমর্থক। আসামিরা আওয়ামী লীগের সভাপতি পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের উদ্দেশ্যে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার হীনমানসে ব্যানার হাতে মিছিল করার চেষ্টা করে।
মামলার অন্যান্য আসামির মধ্যে হলেন, ক্ষমতাচ্যুৎ সরকারের ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথী, উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক পুতুল রানী, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন চৌধুরী এবং সাবেক পৌর মেয়র ও বহিস্কৃত আওয়ামী নেতা আব্দুল কাদের সেখ। ওই মামলায় ইতোমধ্যে চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
© Deshchitro 2024