|
Date: 2026-10-11 18:23:22 |
শেরপুরে নিখোঁজের একদিন পর মহিবুল ইসলাম (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর মেস থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ভয়ে সে নিজেই আত্মগোপনে ছিল বলে জানিয়েছে পুলিশ। এদিকে তাকে অপহরণ করা হয়েছে দাবি করে পরিবারের কাছ থেকে ২৪ হাজার টাকা আদায় করেছে একটি চক্র।
মহিবুল ইসলাম শেরপুর জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা শাহীনুর ইসলাম একজন কলেজশিক্ষক। রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার স্কুলে না গিয়ে বাড়িতেই ছিল মহিবুল। বিকেল ৪টার দিকে তাকে বাড়িতে রেখে বাইরে যান তার মা ইফফাত আরা মুন। পরে বাড়িতে ফিরে ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও তার সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তারা। একই সঙ্গে মহিবুলের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিখোঁজের পোস্ট দেওয়া হয়।
এরই মধ্যে একটি চক্র পরিবারের সদস্যদের ফোন করে মহিবুলকে অপহরণ করা হয়েছে বলে দাবি করে। ছেলের নিরাপত্তার কথা চিন্তা করে চক্রটির দেওয়া নম্বরে প্রাথমিকভাবে ২৪ হাজার টাকা পাঠান তার বাবা শাহীনুর ইসলাম।
ঘটনার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় রবিবার দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর মেস থেকে মহিবুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার জানান, কয়েক দিন আগে নবম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নিয়েছিল মহিবুল। পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ভয়ে সে নিজেই আত্মগোপনে ছিল।
তিনি আরও জানান, অপহরণের ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায়ের ঘটনায় থানায় অভিযোগ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Deshchitro 2024