মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জের কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। দূর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা বাড়ানোর লক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।


মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়। ফিতা কেটে স্টোর দুটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।


এতে সভাপতিত্ব করেন   উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইদ্রিস মিয়া। অনুষ্ঠিত পৃথক দুটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কিতাব আলী মাস্টার এবং আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবু বাক্কার ছিদ্দিক।


এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান ও মোহাম্মদ জসীম উদ্দিন খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধর, বড়চারা-আব্দুল্লাহপুর আইভি রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম ও আলি হায়দার শাহীন, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক আলী সোহেল, শাহীন সুলতানা, মাহিন আহমেদ, মোঃ সালাহ উদ্দিন ও মোবারক হোসেন।


এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় দুটির শিক্ষক-শিক্ষার্থী, সততা সংঘের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিদ্যালয় কর্তৃপক্ষের মনোনীত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের মধ্যে দুদকের লোগোযুক্ত বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন। সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বিশ্বাস, দায়িত্ববোধ ও সৎভাবে লেনদেনের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি দুর্নীতিবিরোধী মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024